
মিষ্টির মধ্যে পোকা পাওয়ার ছবি ও ভিডিও দেখিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে। অভিযোগ, ঘটনা প্রকাশ না করার বিনিময়ে ওই দম্পতি মিষ্টির দোকানির কাছে একটি আইফোন ও নগদ টাকা দাবি করেন। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
দোকানি নয়ন ঘোষের অভিযোগ, মিষ্টিতে পোকা থাকার ছবি ও ভিডিও দেখিয়ে তাকে বারবার ফোন করা হয়। পরে সামাজিক মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ ও আইফোন দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১০ সেপ্টেম্বর সকালে সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে হাবড়ার প্রফুল্লনগরের একটি মিষ্টির দোকানে যান। মিষ্টি খাওয়ার সময় তারা তাতে পোকা থাকার দাবি করলে দোকানের মালিকের সঙ্গে তাদের তর্ক হয়।
নয়ন ঘোষের দাবি, ওই দিন বিকেলে তার মুঠোফোনে পোকাযুক্ত মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। এরপর সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে চাপ দেওয়া হয়। এমনকি সন্ধ্যার মধ্যে অভিযুক্তদের বাড়িতে যেতে বলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
দোকানির ভাষ্য, সেখানে গেলে ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে একটি আইফোন ও নগদ টাকা দাবি করা হয়। তার আরও অভিযোগ, মিষ্টিতে ইচ্ছাকৃতভাবে পোকা রাখা হয়েছিল এবং পরে সেই ঘটনা ব্যবহার করে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।
নয়ন ঘোষ দাবি করেন, তাদের কারখানায় খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে আধুনিক পদ্ধতিতে মিষ্টি তৈরি করা হয়। ফলে মিষ্টিতে পোকা পাওয়ার ঘটনাটি তার কাছে সন্দেহজনক মনে হয়েছে।
এ ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় মানহানির অভিযোগে মামলা হয়েছে। তবে মিষ্টিতে ইচ্ছাকৃতভাবে পোকা রাখা হয়েছিল কি না এবং আইফোন ও নগদ টাকা দাবির অভিযোগের সত্যতা কতটা—তা তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

