অন্টারিও লেকের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনায় আদিবাসী নেতারা

অন্টারিও লেকের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনায় আদিবাসী নেতারা - the Bengali Times
ট্রাম্পের উদ্যোগে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ওয়েনডাট নেশন সংগঠনটির গ্র্যান্ড চিফ পিয়েরে পিকার্ড বলেন লেক অন্টারিওর নাম বদলের খবর তাঁদের কাছে অত্যন্ত বেদনাদায়ক

লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার আদিবাসী নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরই শুরু হয়েছে বিতর্ক।

লেক অন্টারিও নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘ ইতিহাস। ওয়েনডাট ভাষার ‘অন্টারি:ইয়ো’ শব্দ থেকে ‘অন্টারিও’ নামটির উৎপত্তি বলে মনে করা হয়। শব্দটির অর্থ দাঁড়ায় ‘সুন্দর হ্রদ’ বা ‘বিরাট হ্রদ’।

- Advertisement -

ট্রাম্পের সিদ্ধান্তের পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও নামটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, হ্রদটি আগে লেক অন্টারিও নামেই পরিচিত ছিল, এখনও সেই নামেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ট্রাম্পের উদ্যোগে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ওয়েনডাট নেশন। সংগঠনটির গ্র্যান্ড চিফ পিয়েরে পিকার্ড বলেন, লেক অন্টারিওর নাম বদলের খবর তাঁদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তাঁর দাবি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ওই অঞ্চল থেকে ওয়েনডাটদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

গ্রেট লেকস ও সেন্ট লরেন্স নদীপথ ঘিরে ওয়েনডাটদের ঐতিহাসিক উপস্থিতি রয়েছে। চুক্তির আগের সময় থেকে শুরু করে পরবর্তী সময়েও এই অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই দীর্ঘ ইতিহাসের সঙ্গেই লেক অন্টারিও নামটি জড়িয়ে রয়েছে বলে দাবি আদিবাসী নেতাদের।

পিকার্ড জানিয়েছেন, বিষয়টি নিয়ে কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হোয়েকস্ট্রার সঙ্গে আলোচনার জন্য তিনি বৈঠকের সময় চেয়েছিলেন। আগামী সপ্তাহে সেই বৈঠকের সময় দেওয়া হয়েছে।

গ্র্যান্ড চিফের কথায়, ওই বৈঠকে তিনি স্পষ্ট করে জানাতে চান যে তাঁদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয় মুছে দেওয়ার মতো কোনও উদ্যোগ তাঁরা মেনে নেবেন না। তাঁর বক্তব্য, ট্রাম্পের অবস্থান বদলানো সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি আশাবাদী নন। তবে নিজের জনগোষ্ঠীর হয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানানো তাঁর দায়িত্ব বলেই মনে করেন তিনি।

লেক অন্টারিওর নাম পরিবর্তনের এই উদ্যোগ তাই শুধু ভৌগোলিক নাম বদলের বিষয় হয়ে থাকছে না। এর সঙ্গে জড়িয়ে পড়েছে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সাংস্কৃতিক পরিচয় এবং নিজেদের ঐতিহ্য সংরক্ষণের প্রশ্নও।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles