বার্লিংটনে গাড়ির ধাক্কায় এক নারী নিহত

বার্লিংটনে গাড়ির ধাক্কায় এক নারী নিহত - the Bengali Times
বার্লিংটনে গাড়ির ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হল্টন রিজিয়নাল পুলিশ বৃহস্পতিবার বিকেলে ম্যাপল অ্যাভিনিউ ও রিচমন্ড রোডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে

বার্লিংটনে গাড়ির ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হল্টন রিজিয়নাল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ম্যাপল অ্যাভিনিউ ও রিচমন্ড রোডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের কাছে খবর পৌঁছয় আনুমানিক বিকেল পৌনে ৪টার দিকে। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা দেখতে পান, একটি গাড়ির ধাক্কায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে দুর্ঘটনার পর গাড়িটি সেখানে না থেমে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটিকে শেষবার ম্যাপল অ্যাভিনিউ ধরে উত্তরমুখী অবস্থায় যেতে দেখা যায়। পুলিশের ধারণা, পলাতক গাড়িটি কালো রঙের একটি সেডান। সংঘর্ষের ফলে গাড়িটির সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। দুর্ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে হল্টন রিজিয়নাল পুলিশের কলিশন রিকনস্ট্রাকশন ইউনিটে ৯০৫-৪৭৭-৭৭৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

অন্যদিকে, নায়াগ্রা রিজিয়নাল পুলিশ চলতি মাসে দুটি পৃথক অনুপ্রবেশের ঘটনায় এক সন্দেহভাজনকে খুঁজছে। পুলিশ জানিয়েছে, ১১ আগস্ট ওয়েল্যান্ডের একটি গুদামে অনুপ্রবেশের অভিযোগ পেয়ে কর্মকর্তারা সেখানে যান। তদন্তে পরে জানা যায়, ঘটনাটি আসলে আগের দিন অর্থাৎ ১০ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটেছিল।

দ্বিতীয় ঘটনাটি ঘটে পোর্ট কলবোর্নের একটি নির্মাণস্থলে। ১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তের পর কর্মকর্তারা জানতে পারেন, ওই অনুপ্রবেশের ঘটনাটিও ঘটেছিল ১০ আগস্ট, আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এর সঙ্গে জড়িত সন্দেহভাজনের পরিচয় কী তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, ওয়েল্যান্ডে তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নায়াগ্রা রিজিয়নাল পুলিশ। অভিযুক্তের নাম অ্যান্থনি স্টিফেন মাইকেল। পুলিশ জানিয়েছে, ২১ আগস্ট ওয়েল্যান্ডের একটি ঠিকানায় যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে কর্মকর্তাদের পাঠানো হয়।

তদন্তে অভিযোগ ওঠে, একটি পরিবারের ১০ বছরের কম বয়সী তিন শিশু এমন এক ব্যক্তির দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, যিনি ওই পরিবারের পরিচিত ছিলেন না। ঘটনাটির তদন্তের দায়িত্ব নেয় পুলিশের চাইল্ড অ্যাবিউজ ইউনিট। তদন্ত এগিয়ে যাওয়ার পর ২৬ আগস্ট অ্যান্থনি স্টিফেন মাইকেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মোট ৯টি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্ত এখনও চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles