‘প্রিয় শেখ হাসিনা, দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন’: সোহেল তাজ

‘প্রিয় শেখ হাসিনা, দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন’: সোহেল তাজ - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তানজিম আহমেদ সোহেল তাজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় সোহেল তাজ শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

- Advertisement -

ভিডিও বার্তায় সোহেল তাজকে রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করতে দেখা যায়। সেখানে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কথাও তুলে ধরেন তিনি।

সোহেল তাজ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জাদুঘরটি দেখতে আসছেন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলোর স্মৃতি দেখতে মানুষ সেখানে ভিড় করছেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, তিনি মনে করেন বাংলাদেশের মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে। দেশে ফিরে তাঁকে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

ভিডিওতে জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখিয়ে সোহেল তাজ বলেন, প্রতিদিনই সেখানে মানুষের ভিড় হচ্ছে। ব্যস্ত মিরপুর রোডের পাশেও বিপুলসংখ্যক মানুষ জাদুঘরটি দেখতে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

ভিডিও বার্তার শেষ দিকে শেখ হাসিনাকে উদ্দেশ করে সোহেল তাজ আবারও বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’

তবে সোহেল তাজের বক্তব্যে উল্লিখিত বিভিন্ন অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং দাবিগুলোর স্বাধীন যাচাই এই প্রতিবেদনে করা হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles