
রুবিনা মারুফ বাংলাদেশের যুবক রকিবুল হাসানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রথমবার বাংলাদেশে যাওয়ার আগে মা তাকে সেখানে বিয়ে না করার প্রতিশ্রুতি দিতে বললেও শেষ পর্যন্ত ভাগ্যের টানেই বাংলাদেশি জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন।
রুবিনা জানান, রংপুরের বাসিন্দা রকিবুল হাসান বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাদের বিয়ে লাহোরে সম্পন্ন হয়েছে। বিয়ের দিন বাংলাদেশের সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি শাড়ি পরেছিলেন। তার ভাষায়, এটি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে বন্ধনের সৌন্দর্য উদ্যাপনের একটি প্রতীক।
তিনি আরও জানান, তার মা-বাবা এই বিয়ে নিয়ে খুশি এবং খুব শিগগিরই তাদের বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছা রয়েছে। এর আগে বিয়ের ঘোষণা দিয়ে রুবিনা লিখেছিলেন, সীমান্ত পেরিয়ে ভালোবাসার এই নতুন যাত্রা তাকে গভীর আনন্দ দিয়েছে।
উল্লেখ্য, রুবিনা মারুফের পারিবারিক শিকড় বাংলাদেশের যশোরে। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

