
আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়ার মেক্সিকান ক্লাব তিগ্রেস থেকে রিভার প্লেটে যোগ দেওয়ার প্রক্রিয়া শেষ মুহূর্তে জটিলতায় পড়েছে। অভিযোগ উঠেছে, মেক্সিকোতে অবস্থানকালে কোরেয়া ও তার পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। সেই কারণেই তিনি দ্রুত আর্জেন্টিনায় ফিরে যান।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, দেশে ফিরে কোরেয়া ইতোমধ্যে রিভার প্লেটের হয়ে মেডিক্যাল ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন এবং চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও প্রায় শেষ ছিল। তবে হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বদলে যায়।
অন্যদিকে তিগ্রেসের দাবি, ক্লাব ছাড়ার আগে কোরেয়া অনুশীলন শেষে স্বাভাবিকভাবেই সতীর্থ ও কোচদের বিদায় জানান এবং কোনো ধরনের হুমকির কথা উল্লেখ করেননি। ক্লাবের ভাষ্য, আনুষ্ঠানিক কাজ শেষ করতেই তাকে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রায় ১ কোটি ৬০ থেকে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সম্ভাব্য এই দলবদল এখন অনিশ্চিত। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, কোরেয়াকে মুক্ত খেলোয়াড় হিসেবে নিবন্ধনের লক্ষ্যে রিভার প্লেট প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং প্রয়োজনে ফিফা ও ক্রীড়া সালিশি আদালতের দ্বারস্থ হতে পারে।
এদিকে তিগ্রেসের অভিযোগ, প্রাণনাশের হুমকির বিষয়টি ট্রান্সফার ফি এড়ানোর কৌশল হতে পারে। ২০৩০ সাল পর্যন্ত কোরেয়ার সঙ্গে চুক্তি বহাল থাকায় নির্ধারিত অর্থ ছাড়া তাকে ছাড়তে রাজি নয় ক্লাবটি। ফলে সমঝোতা না হলে বিষয়টি আইনি লড়াইয়ে গড়ানোর সম্ভাবনাই বেশি।

