
ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে বিভোর কিলিয়ান এমবাপ্পে। মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের দাবিটা জোরালো করলেও এবার নাকি ক্লাবের কাছ থেকেই প্রত্যাশিত সমর্থন পাচ্ছেন না ফরাসি তারকা। স্প্যানিশ গণমাধ্যমের বরাতে এমনই দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো।
প্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লামিন ইয়ামালকে নিয়ে বার্সেলোনা যেভাবে প্রচারণা চালাচ্ছে, রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পের ক্ষেত্রে তেমনটা করছে না। বিষয়টি নিয়ে হতাশ হয়েছেন তিনি। নিজের প্রথম ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে ক্লাবের কাছ থেকে আরও জোরালো সমর্থন আশা করেছিলেন এমবাপ্পে।
স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভোর বরাতে ফুট মেরকাতো জানিয়েছে, রিয়ালের প্রচারণার ধরন নিয়ে এমবাপ্পে সন্তুষ্ট নন। কোচ হোসে মরিনহোর সমর্থন থাকলেও ক্লাবের সামগ্রিক অবস্থান তাকে হতাশ করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই এমবাপ্পেকে ঘিরে প্রত্যাশার পারদ চড়া। বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হওয়ার লক্ষ্যও তার। তাই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ক্লাবের সমর্থন না পাওয়ার বিষয়টি তার জন্য বাড়তি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে ইয়ামালকে ঘিরে বার্সেলোনার উচ্ছ্বাসও আলোচনায় এসেছে। তরুণ এই স্প্যানিশ তারকার ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে ক্লাবের প্রচারণা ও সমর্থন এমবাপ্পের নজর এড়ায়নি বলেই দাবি করা হচ্ছে।
তবে ব্যালন ডি’অরের লড়াইয়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন, সেটি নির্ধারণে মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ক্লাবের প্রচারণার পাশাপাশি বড় ম্যাচে এমবাপ্পের ধারাবাহিকতা এবং ব্যক্তিগত অর্জনও তার সম্ভাবনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

