
বিশ্বকাপের শিরোপা জয়ের ৬০ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো ইংল্যান্ডের। সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে চোখের জলে বিশ্বকাপ মিশন শেষ করল থ্রি লায়ন্সরা।
দীর্ঘ সময় ম্যাচে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের গোলে স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা। কিন্তু শেষ সাত মিনিটে সবকিছু বদলে যায়। ৮৬ মিনিটে এনজো ফের্নান্দেস সমতা ফেরানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।
এই হারে ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ইংল্যান্ডের। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

