
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন তিনি।
প্রভা বলেন, অনেক বিবাহিত ব্যক্তি নিজেদের সংসারে অশান্তির কথা বলে অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেন। এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন সম্পর্কে জড়ালে পরে অনুশোচনা করতে হতে পারে।
তিনি জানান, নিজের জীবনেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তার ভাষ্য, কেউ যদি সত্যিই আগের সম্পর্ক বা সংসার থেকে বের হতে চান, তাহলে আগে সেই বিষয়টি সমাধান করেই নতুন সম্পর্কে আসা উচিত।
প্রভা বলেন, তিনি এমন ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়েছিলেন—যদি সংসারে সত্যিই সমস্যা থাকে এবং বিচ্ছেদের প্রক্রিয়া চলতে থাকে, তাহলে আগে সেটি শেষ করতে হবে। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে।
নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী বলেন, ভুল সম্পর্কের চেয়ে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা অনেক ভালো। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

