
নিউজিল্যান্ড-এর সাউথ আইল্যান্ডে ঘটেছে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা—নিজেদের ভুলেই শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে দুই কিশোর-কিশোরী।
ঘটনাটি ঘটে সাউথল্যান্ড অঞ্চলের একটি চ্যারিটি শপের সামনে। দান করার উদ্দেশ্যে রাখা জায়গায় ভুল করে তারা রেখে যায় একটি ব্যাগ, যার ভেতরে ছিল ৪৩.২ গ্রাম গাঁজা এবং ৩ হাজার ৭০০ নিউজিল্যান্ড ডলার নগদ অর্থ।
দোকানের এক স্বেচ্ছাসেবক ব্যাগটি থেকে তীব্র গন্ধ পেয়ে সন্দেহ করেন। খুলে দেখেই তিনি হতবাক হয়ে যান এবং দ্রুত পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, ওই কিশোর-কিশোরী কাছের একটি গ্যারেজে গাড়ি সারাই করতে দিয়েছিল। অপেক্ষার সময় অসাবধানতাবশত তারা ব্যাগটি চ্যারিটি শপে রেখে আসে। কিছুক্ষণ পর ব্যাগটি না পেয়ে আতঙ্কিত হয়ে তারা দোকানে ফিরে এসে সেটি ফেরত চাইলে ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরে তাদের গাড়ি তল্লাশি করে আরও কিছু জিনিস উদ্ধার করা হয়—একটি এয়ার পিস্তল, একটি পুলিশ স্ক্যানার এবং অতিরিক্ত নগদ অর্থ। নিউজিল্যান্ড-এর আইনে ১৮ বছরের নিচে এয়ার পিস্তল রাখা নিষিদ্ধ, আর পুলিশ স্ক্যানার ব্যবহার করে তথ্য ছড়ানোও দণ্ডনীয়।
এদিকে গাঁজা সেখানে বিনোদনমূলক ব্যবহারের জন্য সম্পূর্ণ অবৈধ, যা তাদের অপরাধকে আরও গুরুতর করেছে।
গ্রেপ্তার হওয়া দুজনের বয়স ১৭ বছরের নিচে হওয়ায় মামলাটি কিশোর আদালতে পাঠানো হয়েছে। আইনগত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের ভাষায়, এটি এমন একটি বিরল ঘটনা যেখানে অপরাধীরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রমাণ তুলে দিয়েছে—যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

