
শাকিব খানের দুই প্রাক্তন—অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিবের জীবন ও পর্দা ভাগ করে নিয়েছেন তারা। বাস্তব জীবনে এখন তারা দুই মেরুতে অবস্থান করছেন। প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ-প্রতিক্ষেপে ‘ভার্চ্যুয়াল যুদ্ধে’ জড়াচ্ছেন। কিন্তু জানেন কি, একসময় অপু বিশ্বাসকে ‘বুবলী’ নামে ডাকতেন শাকিব।
নিউজনাউ এর সর্বশেষ খবর পেতে গুগল নিউজ অনুসরণ করুন
হঠাৎই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত একটি সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে অপু বিশ্বাস ‘বুবলী’ চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ ১৪ বছর আগের একটি সিনেমায় ‘বুবলী’ চরিত্রে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস?
২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘মনের ঘরে বসত করে’। এ সিনেমায় একজন আইনজীবী চরিত্রে অভিনয় করেন অপু। তার অভিনীত চরিত্রের নাম ছিল ‘বুবলী’।
জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। এই ছবিতে ‘শান্ত’ চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাকিব খানকে।
হঠাৎই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সিনেমাটি। অনেকেই নতুন করে সিনেমাটি দেখছেন। আর ‘বুবলী’ চরিত্রে অপু বিশ্বাসকে দেখে মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করছেন। আবার কেউ কেউ মন্তব্যের ঘরে জানাচ্ছেন তাদের নিজস্ব অনুভূতি।
একটি মিষ্টি প্রেমের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘মনের ঘরে বসত করে’ সিনেমাটি। সিনেমায় দেখা যায়, ছোটবেলায় কিডন্যাপারদের থেকে বুবলীকে বাঁচান শান্ত। কিন্তু বড় হয়ে তাদের মধ্যে যোগাযোগ থাকে না।
দীর্ঘ সময় পর একদিন শান্তর একটি কেস হাতে পান আইনজীবী বুবলী। জটিল কেস থেকে শান্তকে নিরপরাধ প্রমাণ করেন। তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠলেও তারা জানতে পারেন না, শান্ত-বুবলীই একে অন্যের ছোটবেলার ভালোবাসা।
এদিকে জীবনের বাঁকে এক আইনজীবীর সঙ্গে বিয়ে ঠিক হয় বুবলীর। গল্পের শেষ মুহূর্তে শান্ত-বুবলীর জীবনে কোন মোড় নেয় তারই গল্প শোনায় ‘মনের ঘরে বসত করে’ সিনেমাটি। হঠাৎই এ সিনেমা সিনেপ্রেমীদের মনে দারুণ সাড়া ফেলেছে। নতুন কোনো সিনেমায় শাকিব-অপুকে দেখার আগ্রহ প্রকাশও করছেন ভক্তরা।

