
গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকিতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক তাকে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে দাবি স্কুলছাত্রীর পরিবারের।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাদিয়া আফরিন (১৬) ওই গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে সে।
সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, বুধবার রাতে খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলে দেখি সে জানালার গ্রিলে ঝুলছে।
নাসিমা খাতুন আরও জানান, শ্রীপুর পৌর এলাকার ওয়াদ্দা দীঘিরপাড়ের জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। মেয়ে জানায়- তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এ সময় কৌশলে ছেলেটি মেয়ের সঙ্গে নানারকম ছবি ও ভিডিও ধারণ করে।
মেয়েটা ছেলেকে এগুলো মুছে ফেলতে বললে সে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে ভয় দেখাতে থাকে। এরপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। দুই দিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়, কিন্তু মেয়ে রাজি না হওয়ায় ফের হুমকি দেয়। এতে আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।
শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

