
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলটির নেতাকর্মীরা সীমান্তের বিভিন্ন প্রবেশপথ খতিয়ে দেখছেন। পাশাপাশি ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করে সমন্বিতভাবে দেশে প্রবেশের পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এর মধ্যে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব বাংলাদেশ।
মোজাম্মেল আলী সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, দলের পরবর্তী পদক্ষেপ শিগগিরই ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কোনো কিছুই গোপনে করা হবে না বলেও দাবি করেছেন তিনি।
দলটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের নির্ধারিত লকডাউন কর্মসূচি শেষে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার তারিখ ও সম্ভাব্য পথ ঘোষণা করতে পারেন। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে অনলাইন বৈঠক করে সমর্থন চাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার শেখ হাসিনাকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস না-ও দিতে পারে—এমন আশঙ্কা থেকে স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের বিকল্প প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক সীমান্ত পয়েন্ট ব্যবহার করে দেশে প্রবেশের পরিকল্পনা করছেন বলে আরেকটি সূত্রের দাবি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিভিন্ন এলাকায় ব্যস্ত রাখতেই কৌশল পরিবর্তনের কথা বলা হয়েছে ওই সূত্রের বক্তব্যে।
তবে এসব পরিকল্পনা ও সম্ভাব্য সীমান্তপথ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

