ঢাকার অপরাধজগতের আতঙ্ক সুইডেন আসলাম আবার গ্রেফতার

ঢাকার অপরাধজগতের আতঙ্ক সুইডেন আসলাম আবার গ্রেফতার - the Bengali Times
শেখ মো আসলাম ওরফে সুইডেন আসলাম

একসময় ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্কের নাম ছিল শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। নব্বইয়ের দশকে রাজধানীর ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় তার দাপট ছিল। হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পান। তবে প্রায় দুই বছর পর আবারও গ্রেফতার হয়েছেন আলোচিত এই ব্যক্তি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন এলাকায় পৌঁছালে গোয়েন্দা কর্মকর্তারা তাকে অনুসরণ করেন। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

- Advertisement -

২০২৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও অনেকটা আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম। এর মধ্যে ঢাকায় কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। সেসব ঘটনায় তার নামও উচ্চারিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

যেভাবে উত্থান

সুইডেন আসলামের পরিবারের বাড়ি ঢাকার নবাবগঞ্জের আলগা ইউনিয়নের সাঁথিয়া গ্রামে। তবে তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন। ফার্মগেট এলাকায় ছিল তার রড-সিমেন্টের দোকান। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়।

তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাসের পর কলেজে ভর্তি হন তিনি। এরপরই ফার্মগেট এলাকায় উঠতি সন্ত্রাসী হিসেবে পরিচিতি পেতে শুরু করেন।

অপরাধবিষয়ক সাংবাদিক কামরুল হাসানের ২০২২ সালে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, এরশাদ সরকারের আমলে আজাদ ও বাপ্পী নামে দুই সহোদরকে মারধরের মধ্য দিয়ে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। ওই দুই ভাই তখন ফার্মগেট এলাকার অপরাধ কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন।

একদিন ফার্মগেটের নিউ স্টার হোটেল থেকে বাপ্পীকে তুলে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে রাখেন আসলাম। এরপর থেকেই এলাকায় তার প্রভাব বাড়তে থাকে।

ওই লেখায় আরও উল্লেখ করা হয়, শাকিল নামের এক কিশোরকে হত্যার মধ্য দিয়ে আসলামের হত্যাকাণ্ডের অভিযোগ সামনে আসে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে শাকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় আসলামের কয়েকজন সহযোগীর নামও আলোচনায় আসে।

যেভাবে নাম হলো সুইডেন আসলাম

সাংবাদিক কামরুল হাসানের বর্ণনা অনুযায়ী, ফার্মগেট এলাকায় চাইনিজ নামে পরিচিত এক সন্ত্রাসীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে তার সুইডেনপ্রবাসী বোন ইতিকে বিয়ে করেন আসলাম। শাকিল হত্যাকাণ্ডের পর স্ত্রীর সঙ্গে সুইডেনে চলে যান তিনি।

সেখানে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দেশে ফিরে আসেন আসলাম। এরপর নিজের বাহিনী গড়ে তুলে অপরাধজগতে প্রভাব বিস্তার করেন। সুইডেন থেকে ফিরে আসার কারণেই তার নামের সঙ্গে যুক্ত হয় সুইডেন।

ইতির সঙ্গে বিচ্ছেদের পর তিনি মামুন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। পরে মামুনকে হত্যার পরিকল্পনা করেন আসলাম বলে ওই লেখায় উল্লেখ করা হয়েছে।

১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার সন্ত্রাসী আগা শামীমের আস্তানায় সমঝোতার কথা বলে মামুনকে ডেকে নেওয়া হয়। সেখানে মামুনসহ তিনজন নিহত হন। ২০০৪ সালের জুনে এ হত্যাকাণ্ডের রায়ে আগা শামীমের যাবজ্জীবন কারাদণ্ড হলেও সুইডেন আসলাম খালাস পান।

অপরাধজগতে দাপট ও একের পর এক হত্যার অভিযোগ

সাবেক স্ত্রীর স্বামী মামুন হত্যাকাণ্ডের পর আসলামের বিরুদ্ধে আরও কয়েকটি হত্যার অভিযোগ ওঠে। কামরুল হাসানের লেখায় বলা হয়েছে, মামুন ও ইতির বিয়েতে সহযোগিতা করেছিলেন আসলামের ঘনিষ্ঠ সহযোগী বিপুল। পরে মধুবাগের মাঠে ধারালো অস্ত্র দিয়ে বিপুলের দুই হাত কেটে তাকে হত্যা করা হয়। বিপুলের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা কলাবাগানের কিসলুও হত্যার শিকার হন।

আসলামের আরেক সহযোগী গাব্বুর স্ত্রী আসমা একবার পুলিশকে তার গতিবিধি জানিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তেজগাঁও রেললাইনের বস্তিতে গাব্বুর সামনেই আসমাকে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়া মিরপুরের রানা, সাজ্জাদ এবং টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদার হত্যার সঙ্গেও সুইডেন আসলামের নাম জড়িয়েছিল বলে ওই লেখায় উল্লেখ করা হয়েছে।

নিজের অপরাধ সাম্রাজ্য বিস্তারে কারওয়ান বাজারের পিচ্চি হান্নান, মগবাজারের সুব্রত বাইন ও টিক্কার সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও জানা যায়। বিএনপির এক নেতার প্রশ্রয় পাওয়ার কথাও সে সময় আলোচনায় ছিল। তবে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর সুইডেন আসলামের নাম শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ওঠে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়।

যেভাবে গ্রেফতার হয়েছিলেন

তেজগাঁওয়ের যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন সুইডেন আসলাম। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।

ওই বছরের ২৬ মে গ্রেফতার হন আসলাম। সাংবাদিক কামরুল হাসান তার লেখায় গ্রেফতারের দিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সে সময় মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে অবস্থানকালে বড় এক আসামি গ্রেফতারের খবর পান সাংবাদিকেরা। পরে কড়া নিরাপত্তায় এক তরুণকে সেখানে আনা হয়। তিনি ছিলেন সুইডেন আসলাম।

তৎকালীন পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন ওই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতারের পর আসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সাংবাদিক কামরুল হাসান লিখেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও রিমান্ডেও তিনি মুখ খোলেননি বলে ওই লেখায় উল্লেখ করা হয়েছে।

কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ

১৯৯৭ সালে গ্রেফতারের পর দীর্ঘদিন কারাগারে থাকলেও সেখান থেকেই অপরাধজগতের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন সুইডেন আসলাম—এমন অভিযোগ রয়েছে। নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন ব্যবহার করে বাইরে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেও অভিযোগ ওঠে। একসময় তার কারাকক্ষ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের খবর প্রকাশিত হয়েছিল।

এ ছাড়া বিভিন্ন মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে অনেক সাক্ষী আদালতে হাজির হতে চাইতেন না বলে অভিযোগ রয়েছে। ফলে একাধিক মামলায় তিনি খালাস পান।

২২ মামলার আসামি, যেভাবে মুক্তি

সাংবাদিক কামরুল হাসানের কাছে পুলিশের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অন্য মামলাগুলোর মধ্যে ছিল অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের অভিযোগ।

অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায় অব্যাহতি পান তিনি।

গালিব হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলা হয়েছিল, সুইডেন আসলামের উপস্থিতিতে দেলু ও মাসুদ গুলি করে গালিবকে হত্যা করেন। এ মামলায় আসলামসহ মোট ২০ জন আসামি। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দেয়। মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪ জনকে আদালতে হাজির করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে এ মামলাটিই তার কারাগারে থাকার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কারাগারের বাইরে এলে প্রতিপক্ষের হাতে প্রাণ হারানোর আশঙ্কায় তিনি অন্য একটি মামলায় জামিন চাইছিলেন না বলেও সে সময় আলোচনা ছিল।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই মামলায় জামিন নিয়ে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছরের কারাবাসের অবসান ঘটে তার।

ব্যক্তিজীবনে ট্র্যাজেডি

সুইডেন আসলামের প্রথম স্ত্রী ইতি তাকে অপরাধজগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন বলে সাংবাদিক কামরুল হাসানের কাছে জানিয়েছিলেন। কিন্তু আসলামের শত্রুর সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে অস্ত্র ছেড়ে দিলে নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করতেন তিনি।

পরে ইতি সুইডেনে ফিরে যান। সেখানে বিষণ্নতায় ভুগে আত্মহত্যা করেন বলে ওই লেখায় উল্লেখ করা হয়েছে।

ইতির সঙ্গে বিচ্ছেদের পর নিজের চাচা শেখ মো. আবদুল লতিফের মেয়ে সিমিকে বিয়ে করেন আসলাম। ইন্দিরা রোডে তাদের বসবাস ছিল। তবে স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চাইতেন না সিমি।

দীর্ঘ কারাবাস, একের পর এক হত্যার অভিযোগ এবং অপরাধজগতের আলোচিত নাম—সব মিলিয়ে সুইডেন আসলামের জীবন ছিল নানা বিতর্কে ঘেরা। কারাগার থেকে মুক্তির প্রায় দুই বছর পর আবারও বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন একসময়ের এই শীর্ষ সন্ত্রাসী।

- Advertisement -

Related Articles

Latest Articles