
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ দেখতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনার দেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণ করতেই তাদের এই সফর।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন আওয়ামী লীগের ওই নেতারা। পরে সেখানে একটি রুদ্ধদ্বার বৈঠকও অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেতারা একটি সাদা গাড়িতে করে পেট্রাপোলের অভিবাসন কেন্দ্রে প্রবেশ করেন। তবে সেখানে তাদের অবস্থান ও বৈঠকের বিষয়ে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার পুলিশ কোনো মন্তব্য করেনি। স্থানীয়দের প্রবেশের পথ ব্যবহার না করে তারা আলাদা পথে কেন্দ্রে প্রবেশ ও বের হন বলে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন।
অন্যদিকে, কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা পেট্রাপোলের পাশাপাশি আগরতলা সীমান্ত এলাকাও পরিদর্শনের পরিকল্পনা করছেন।
এদিকে ওই দিন পেট্রাপোল সীমান্ত এলাকায় বাংলাদেশে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের আয়োজনে ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির বনগাঁ উত্তর ও দক্ষিণের কয়েকজন নেতা এবং রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন মজুমদার।
সমাবেশ শেষে স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।
পশ্চিমবঙ্গে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রবেশের একটি চেষ্টা শুরু হতে পারে। শুধু শেখ হাসিনা নন, দলের আরও অনেক নেতা তার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও তাদের দাবি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের চার নেতা সকাল ৯টার দিকে কলকাতার নিউ টাউন এলাকা থেকে যাত্রা শুরু করেন। দুপুর ২টার দিকে তারা পেট্রাপোলে পৌঁছান। পরে বিকেল পৌনে ৪টার দিকে কলকাতার উদ্দেশে ফিরে যান।
খবরে আরও বলা হয়েছে, নেতারা ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তসহ বিকল্প পথগুলোও পরিদর্শন করতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তের সংযোগকারী পথ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার দেশে ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

