সরকারকে অস্থিতিশীল করতে সহিংস তৎপরতায় হাসিনার সমর্থকেরা: নিউইয়র্ক টাইমস

সরকারকে অস্থিতিশীল করতে সহিংস তৎপরতায় হাসিনার সমর্থকেরা: নিউইয়র্ক টাইমস - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। সাম্প্রতিক এসব কর্মকাণ্ডকে ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

- Advertisement -

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন নেতাকর্মী রয়েছেন। অন্যজন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত এক বাসসহকারী।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহণ, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি। জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি, সরকারি সম্পত্তিতে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সময় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে অবরোধ তুলে নেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ ছাড়া বিক্ষোভকারীদের অস্ত্র প্রদর্শন, পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আন্দোলন দমনে পরিচালিত অভিযানের ঘটনায় এ রায় দেওয়া হয়।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ আখ্যা দিয়ে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে তারেক রহমান মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে। সাম্প্রতিক সহিংসতার পেছনে বিদেশ থেকে ইন্ধন দেওয়ার ইঙ্গিত হিসেবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles