লাইভ অনুষ্ঠানে মেকআপ তুলে ট্রলকারীদের জবাব দিলেন ভিনা মালিক

লাইভ অনুষ্ঠানে মেকআপ তুলে ট্রলকারীদের জবাব দিলেন ভিনা মালিক - the Bengali Times
ভিনা মালিক

শরীরের ওজন ও শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে কটাক্ষের শিকার হচ্ছিলেন পাকিস্তানি অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ভিনা মালিক। এবার আর নীরব থাকলেন না তিনি। সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে ক্যামেরার সামনেই খুলে ফেললেন উঁচু হিলের জুতা, মুছে ফেললেন মুখের মেকআপ। তাঁর এই ব্যতিক্রমী প্রতিবাদের মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সকালের অনুষ্ঠান ‘ভিনা হ্যায় না’-তে এ ঘটনা ঘটে। ৪২ বছর বয়সি এই অভিনেত্রী কয়েক মাস ধরে চলা অনলাইন কটাক্ষের প্রসঙ্গ তুলে কান্নায় ভেঙে পড়েন।

- Advertisement -

অনুষ্ঠানে প্রথমে নিজের হিলের জুতা খুলে ক্যামেরার সামনে তুলে ধরেন ভিনা। বলেন, ‘আপনারা শুধু আমার ওজন দেখেছেন। এবার হিল খুলছি, যাতে আমার উচ্চতাও দেখতে পারেন।’

এরপর আসনে ফিরে মেকআপ মোছার কাপড় দিয়ে মুখ পরিষ্কার করেন তিনি। একে একে খুলে ফেলেন কৃত্রিম চোখের পাপড়িসহ অন্যান্য প্রসাধনী। ট্রলকারীদের উদ্দেশে ভিনা বলেন, তাঁকে মোটা, কালো কিংবা কুৎসিত—যা খুশি বলা যেতে পারে। এসব মন্তব্য তাঁর কাছে অর্থহীন। কারণ, যারা এমন মন্তব্য করেন, তাঁরা তাঁর জীবনে কোনো অবদান রাখেন না।

এর আগেও নিজের অনুষ্ঠানে শরীর নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়েছিলেন ভিনা। তাঁর বক্তব্য, মানুষের ওজন বাড়া-কমা স্বাভাবিক বিষয়। নারীদের শরীর নিয়ে মন্তব্য করার অধিকার অন্যদের কে দিয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত মুখ ভিনা মালিক। ২০১০ সালে সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’-এর চতুর্থ মৌসুমে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানে সহপ্রতিযোগী আশমিত প্যাটেলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল।

পরবর্তী সময়ে ‘দাল মে কুছ কালা হ্যায়’, ‘জিন্দেগি ৫০-৫০’ ও ‘সুপার মডেল’সহ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন ভিনা। এ ছাড়া কন্নড় ছবি ‘ডার্টি পিকচার: সিল্ক সাক্কাথ মাগা’ এবং ভৌতিক ছবি ‘মুম্বাই ১২৫ কেএম ৩ডি’তেও অভিনয় করেছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles