
অনলাইনে নিজেকে ১৪ বছর বয়সী কিশোর পরিচয় দিয়ে ব্রিটেনের অন্তত ৭০ কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন ভারতের এক যুবক। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিশ্বাস অর্জন করতেন তিনি। এরপর ভালোবাসার প্রমাণ হিসেবে চাইতেন নগ্ন ছবি ও ভিডিও। কেউ আপত্তি করলে আগে পাঠানো ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। চার বছর ধরে এমন প্রতারণা ও যৌন হয়রানি চালানোর দায়ে ওই যুবককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বিলাল কাজি (২৭)। তিনি চেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর গত সপ্তাহে তাঁর সাজা ঘোষণা করা হয়। তবে তদন্তকারীদের ধারণা, তাঁর প্রতারণার শিকার হয়েছেন আরও অনেক কিশোরী।
১৪ বছরের কিশোর সেজে প্রেমের সম্পর্ক
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত প্রায় চার বছর ধরে অনলাইনে এই প্রতারণা চালান কাজি। এ সময় তিনি ‘রিস’ নামের ১৪ বছর বয়সী এক কিশোরের পরিচয় ব্যবহার করতেন।
স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো অনলাইন মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার কিশোরীদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। অল্প সময়ের মধ্যেই তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে প্রেমের সম্পর্কের বিশ্বাস তৈরি করতেন। এরপর আবেগ ও ভালোবাসার কথা বলে কিশোরীদের নিজের প্রতি নির্ভরশীল করে তুলতেন।
একপর্যায়ে ভালোবাসার প্রমাণ হিসেবে নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য চাপ দিতেন। তাঁর কথায় রাজি হয়ে কেউ ব্যক্তিগত ছবি পাঠালে সেগুলোই পরবর্তী সময়ে ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে উঠত।
ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল
কিশোরীরা ছবি পাঠাতে অস্বীকৃতি জানালে আগে পাঠানো ছবি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন কাজি। কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবও হ্যাক করেন তিনি। এরপর তাঁদের ব্যক্তিগত ছবি পরিচিতদের কাছে পাঠানো এবং অনলাইনে প্রকাশ করার অভিযোগ রয়েছে।
এ ছাড়া স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এভাবে একের পর এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে যৌন শোষণের শিকার করেন তিনি।
মোবাইল ফোনে মিলল ১৮০ সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য
চেশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা জর্জিয়া হিউজ জানান, একজন ভুক্তভোগী সাহস করে পুলিশের কাছে অভিযোগ করার পর বিষয়টি সামনে আসে। অনেক কিশোরীই বিশ্বাস করেছিল, তারা রিস নামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে। পরে প্রতারণার বিষয়টি জানতে পেরে তারা মানসিকভাবে ভেঙে পড়ে।
প্রথম অভিযোগ পাওয়ার পরই কাজিকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। ২০২৩ সালের ২১ জুলাই হিথ্রো বিমানবন্দরে দেশে ফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়।
ফোনের তথ্য বিশ্লেষণ করে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পান তদন্তকারীরা। সংরক্ষিত ব্যবহারকারীর নামের সূত্র ধরে তাঁদের মধ্যে অন্তত ৭০ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
জামিনে থেকেও থামেনি অপরাধ
গ্রেপ্তারের পর জামিনে মুক্ত থাকাকালেও অনলাইনে কিশোরীদের সঙ্গে যোগাযোগ ও অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কাজির বিরুদ্ধে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রসিকিউশন বিভাগের বিশেষজ্ঞ আইনজীবী মার্টিন ম্যাকরব বলেন, বিপুলসংখ্যক ঝুঁকিপূর্ণ কিশোরীকে প্রতারণা, প্রভাবিত ও শোষণের ক্ষেত্রে কাজি চরম নির্মমতার পরিচয় দিয়েছেন।
কমপক্ষে ২০ বছর কারাগারে থাকতে হবে
৩৭টি অভিযোগে দোষ স্বীকারের পর আদালত বিলাল কাজিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে সাজা ঘোষণার পর তাঁকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। এরপর প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ পাবেন তিনি।
মুক্তি পেলে আরও আট বছর নজরদারির অধীনে থাকতে হবে তাঁকে। পাশাপাশি আজীবন যৌন অপরাধীর তালিকায় থাকবেন এই ভারতীয় যুবক।
অনলাইনে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ার ক্ষেত্রে শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ঘটনাটি।

