পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’ নিয়ে মুখ খুললেন কীর্তি

পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’ নিয়ে মুখ খুললেন কীর্তি - the Bengali Times
অভিনেত্রী কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও পরিচালক মিসকিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক মিসকিন। এ সময় অভিনেত্রীর মুখভঙ্গি দেখে কেউ কেউ দাবি করেন, তিনি অস্বস্তিতে পড়েছিলেন। তবে বিষয়টি নিয়ে এবার সরাসরি জবাব দিয়েছেন কীর্তি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে কীর্তি জানান, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাঁদের সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা ঠিক নয়।

- Advertisement -

বিতর্কের সূত্রপাত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকে। সেখানে প্রশ্ন তোলা হয়, সিনেমায় অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি বোধ করবেন কেন? জবাবে কীর্তি লেখেন, ‘প্রথমত, আমার মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখলেন? আপনি কি শুনতে পাননি, তিনি কিংবা আমি বলেছি, আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো?’

এরপর অভিনেত্রী আরও লেখেন, ‘ধরে নিলাম, আমি অস্বস্তি বোধ করছিলাম। তাহলে কি আপনি বলতে চাইছেন, সিনেমায় আমাদের স্পর্শ করা হয় বলে প্রকাশ্যেও এমন স্পর্শে আমার স্বচ্ছন্দ থাকা উচিত? কিছু বিষয় ঠিকভাবে বোঝা দরকার, ভাই।’

কীর্তির জবাবের পর ওই ব্যবহারকারী নিজের পোস্ট মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেও জানান তিনি।

সংস্কৃতি নিয়ে মন্তব্যেরও ব্যাখ্যা

পরিচালককে ঘিরে ভিডিওর বিতর্কের পাশাপাশি নিজের আরেকটি মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কীর্তি। সম্প্রতি সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির একটি বিয়ের রীতি নিয়ে কথা বলে সমালোচনার মুখে পড়েন তিনি।

সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি তেলেগু সিনেমায় তাঁকে নিজের মামাকে বিয়ে করা এক নারীর চরিত্রে অভিনয় করতে হয়েছিল। বিষয়টি তাঁর কাছে কঠিন অভিজ্ঞতা ছিল বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

এ সময় কীর্তি বলেন, মামাকে বিয়ে করার রীতি তামিল ও তেলেগু সংস্কৃতিতে প্রচলিত। তাঁর এই বক্তব্যের পর তেলেগুভাষী দর্শকদের একাংশ সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, এমন মন্তব্যে একটি সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

পরে সংবাদ সম্মেলনে কীর্তি ব্যাখ্যা করেন, রাধিকা ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলছিলেন, তা তিনি প্রথমে বুঝতে পারেননি। তাঁর উদ্দেশ্য ছিল প্রচলিত একটি সামাজিক রীতির কথা তুলে ধরা, কোনো জনগোষ্ঠী বা সংস্কৃতিকে ছোট করা নয়। কীর্তির ভাষায়, ‘সবকিছুর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সংস্কৃতিকে আমি কখনোই ছোট করে দেখব না।’

এদিকে রাধিকা সিনেমাটির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপতি শ্রীনুর পরিচালিত নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলেছেন।

মুক্তি পাচ্ছে নতুন সিনেমা

কীর্তি সুরেশ ও মিসকিন অভিনীত ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর। আদালতকেন্দ্রিক নাটকীয়তা ও হত্যাকাণ্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles