‘আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না’, মন্তব্য রুমিন ফারহানার

‘আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না’, মন্তব্য রুমিন ফারহানার - the Bengali Times
রুমিন ফারহানা

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলটি ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

জাতীয় সংলাপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কেউ কেউ এ বক্তব্যের কারণে তাকে আওয়ামী লীগের সমর্থক বলতে পারেন। তবে তিনি আওয়ামী লীগ করেন না এবং ভবিষ্যতেও দলটি করার কোনো ইচ্ছা নেই।

দেশে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে।’ তার দাবি, শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও আওয়ামী লীগের সমর্থন ছিল ২৫ শতাংশ। এত বিপুলসংখ্যক মানুষকে আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ সম্ভব নয়।

আওয়ামী লীগকে আলোচনায় আনার পাশাপাশি দলটির অপরাধের বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। রুমিন ফারহানা বলেন, যারা অপরাধ করেছেন, তাদের সুষ্ঠু বিচার করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে আলোচনার টেবিলে এনে তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত কি না, তা জানতে হবে।

দলটি ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা প্রকাশ করবে কি না আমি জানি না। আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না। এদের কাছে কী? চাইতাম, যদি আমার চেয়ে বেটার শাসন তুমি দিতে পারতা।’

তবে আওয়ামী লীগ অপরাধ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘অবশ্যই।’

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতিবিদদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সামনের পরিস্থিতি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ও ঘোলাটে। জানুয়ারির মধ্যে অনেক কিছু পরিষ্কার হতে পারে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে থাকা দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নিজের পড়াশোনার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, বর্তমানে ধর্মীয় বিভাজনের পাশাপাশি রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে হিংস্রতা তৈরি হচ্ছে।

রাজনীতিবিদদের পারস্পরিক সম্পর্কের অবনতির উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন এক দলের রাজনীতিবিদ অন্য দলের নেতার সঙ্গে বসে চা খাওয়া তো দূরের কথা, একে অপরের দিকে তাকানও না। এ ধরনের পরিস্থিতি দেশকে ভালো কোনো পরিণতির দিকে নিয়ে যাবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles