স্টেলান্টিস নিয়ে গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান জোলির কার্যালয়ের

স্টেলান্টিস নিয়ে গণমাধ্যমের খবর প্রত্যাখ্যান জোলির কার্যালয়ের - the Bengali Times
ব্র্যাম্পটনে স্টেলান্টিসের গাড়ি সংযোজন কারখানা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রোশেলের কাছে বিক্রির ঘটনায় ফেডারেল সরকারের সক্রিয় ভূমিকা ছিল গণমাধ্যমের এমন খবর নাকচ করেছে শিল্পমন্ত্রী মেলানি জোলির কার্যালয়

অন্টারিওর ব্র্যাম্পটনে স্টেলান্টিসের গাড়ি সংযোজন কারখানা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রোশেলের কাছে বিক্রির ঘটনায় ফেডারেল সরকারের সক্রিয় ভূমিকা ছিল গণমাধ্যমের এমন খবর নাকচ করেছে শিল্পমন্ত্রী মেলানি জোলির কার্যালয়। চুক্তি নিয়ে স্টেলান্টিস ও রোশেলের মধ্যে কোনো আলোচনায় মন্ত্রী অংশ নেননি বলে জানিয়েছে তাঁর দপ্তর।

বুধবার সন্ধ্যায় মন্ত্রীর মুখপাত্র ম্যাথিস ডেনিস বলেন, কারখানাটি বিক্রির বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে জোলির সম্পৃক্ততার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। স্টেলান্টিস কিংবা রোশেলের সঙ্গে এ সংক্রান্ত কোনো দর-কষাকষিতে মন্ত্রী অংশ নেননি। এমনকি রোশেলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কোনো বৈঠকও হয়নি।

- Advertisement -

তবে ব্র্যাম্পটন কারখানায় উৎপাদনের জন্য নির্ধারিত গাড়ি যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়ে স্টেলান্টিসের সিদ্ধান্তের পর পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী আলোচনায় অংশ নিয়েছিলেন। ডেনিসের ভাষ্য অনুযায়ী, স্টেলান্টিস ও কানাডার বৃহত্তম বেসরকারি খাতের ইউনিয়ন ইউনিফরের মধ্যে সমঝোতার পথ খুঁজতেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। ইউনিফর কানাডায় স্টেলান্টিসের প্রায় ৯ হাজার কর্মীর প্রতিনিধিত্ব করে।

মন্ত্রীর কার্যালয়ের দাবি, ২০২৫ সালের অক্টোবরে ব্র্যাম্পটন থেকে গাড়ি উৎপাদন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে স্টেলান্টিস অটোয়ার সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর আগে কোম্পানিটির উৎপাদন ও বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ফেডারেল সরকার স্ট্র্যাটেজিক রেসপন্স ফান্ডের (এসআরএফ) আওতায় ৫২ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।

ডেনিস বলেন, রোশেলের সঙ্গে স্টেলান্টিসের কারখানা বিক্রির চুক্তি মন্ত্রী, সংশ্লিষ্ট বিভাগ কিংবা তাঁর দলের কেউ অনুমোদন করেননি। বরং চুক্তিটি নিয়ে সরকারের আপত্তির দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এসআরএফের আওতায় দেওয়া সরকারি প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করা হয়নি। দ্বিতীয়ত, প্রস্তাবিত চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের কোনো অনুমোদন নেই।

মন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, স্টেলান্টিসকে ইতিমধ্যে সরকারের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। কোম্পানিটি চুক্তিটি বাস্তবায়নের পথে এগোলে ফেডারেল সরকারের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্র্যাম্পটন কারখানা নিয়ে এই বিরোধ কানাডার অটোমোবাইল শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সরকারের সঙ্গে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চুক্তিগত দায়বদ্ধতার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles