
যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে একটি বাড়ির সিঁড়ির ভেতরে লুকিয়ে রাখা চিঠির সন্ধান মিলেছে ৪৪ বছর পর। ১৯৮২ সালে ১০ বছর বয়সী এক কিশোরী ভবিষ্যতের কোনো একজনের উদ্দেশে চিঠিটি লিখেছিল। সম্প্রতি বাড়িটির সংস্কারকাজের সময় এক নির্মাণকর্মী সেটি উদ্ধার করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি পরে বাড়িটির বর্তমান বাসিন্দা মিশেল হারউডের হাতে পৌঁছায়। ৩৬ বছর বয়সী এই দাতব্যকর্মী চিঠিটি পড়ে লেখককে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন। শিশুটির বয়স বিবেচনায় চিঠির পরিপাটি হাতের লেখা তাঁকে বিস্মিত করে। পরে স্থানীয় একটি ফেসবুক গোষ্ঠীতে চিঠির ছবি দিয়ে লেখকের সন্ধান চান তিনি।
পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই স্থানীয় কয়েকজন চিঠির লেখক হিসেবে র্যাচেল মাইলসকে শনাক্ত করেন। বর্তমানে ৫৪ বছর বয়সী মাইলস বাকিংহামশায়ারের মিল্টন কেইন্সে শিক্ষকতা করছেন। খবর পেয়ে তিনিও চিঠিটি লেখার বিষয়টি নিশ্চিত করেন।
মাইলস জানান, ১৯৮০-এর দশকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ব্লু পিটার’-এর প্রভাবে শিশুদের মধ্যে সময়ের সাক্ষ্য হিসেবে চিঠি বা নানা জিনিসপত্র লুকিয়ে রাখার প্রবণতা তৈরি হয়েছিল। একদিন তাঁর বাবা বাড়ির সিঁড়ির পেছনে একটি ফাঁকা জায়গা দেখতে পান। তখনই ভবিষ্যতে কেউ খুঁজে পাবে—এমন ভাবনা থেকে সেখানে চিঠি রাখার সিদ্ধান্ত নেন তিনি।
১৯৮২ সালের ১২ আগস্ট লেখা চিঠিটির শুরুতে ছিল ‘টু দ্য ফাইন্ডার’—অর্থাৎ যিনি এটি খুঁজে পাবেন, তাঁর উদ্দেশে। চিঠিটি হাতে পাওয়ার অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন হারউড। তিনি বলেন, লেখাটি পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ, চিঠিটি যখন লেখা হয়েছিল, তখন তাঁর জন্মই হয়নি।
অন্যদিকে, শৈশবের স্মৃতি ফিরে পাওয়ায় আনন্দিত মাইলসও। পুরোনো দিনের কথা মনে পড়ার পাশাপাশি পরিচিত মানুষদের সঙ্গে আবার যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।
চিঠিতে পরিবারের কারও কথা উল্লেখ করেননি মাইলস। লিখেছিলেন শুধু তাঁর পোষা বিড়াল ‘কিজি’র নাম। তাঁর ভাষায়, ওই এলাকায় কিজি তখন এক কিংবদন্তি ছিল।
মজার বিষয়, হারউড ও মাইলস—দুজনেরই ওই বাড়িতে থাকার সময় পোষা বিড়াল ছিল। চিঠির লেখককে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন হারউড। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যম হারিয়ে যাওয়া মানুষ ও পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে অসাধারণ ভূমিকা রাখতে পারে।

