ব্যবসায়ীকে আটকে ৪ লাখ টাকা চাঁদা আদায়, সংবাদ প্রকাশের পর ফেরত দিলেন ছাত্রদল নেতা

ব্যবসায়ীকে আটকে ৪ লাখ টাকা চাঁদা আদায়, সংবাদ প্রকাশের পর ফেরত দিলেন ছাত্রদল নেতা - the Bengali Times
অভিযুক্ত বাবুল হোসেন

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে চার লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত ছাত্রদল নেতা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে সালিসের মাধ্যমে ব্যবসায়ী আব্দুল কাদেরকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

অভিযুক্ত বাবুল হোসেন বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

আব্দুল কাদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্রদল নেতা বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী ও রফিকুল ইসলামসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। এ সময় তাঁকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

তিনি বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই টাকা ফেরত পেয়েছেন। এ জন্য আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অভিযোগের বিষয়ে বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন তার অবসান হয়েছে।

এর আগে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে শুঁটিজাল বসিয়ে মাছ ধরছিলেন বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে শুঁটিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আব্দুল কাদেরের অভিযোগ, শুঁটিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল তাঁকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাঁকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে তাঁর কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়।

তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন। পরে চার থেকে পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত চার লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। পাশাপাশি আরও এক লাখ টাকা দেওয়ার জন্য তাঁর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত আদায় করা টাকার প্রায় পুরোটা ফেরত পেলেন ওই ব্যবসায়ী।

- Advertisement -

Related Articles

Latest Articles