ফটোশুটের প্রলোভনে হোটেলে ডেকে আট ঘণ্টা পর্নোগ্রাফিতে বাধ্য, ১০ বছর পর মুখ খুললেন তরুণী

ফটোশুটের প্রলোভনে হোটেলে ডেকে আট ঘণ্টা পর্নোগ্রাফিতে বাধ্য, ১০ বছর পর মুখ খুললেন তরুণী - the Bengali Times
মারিয়াহ

মডেলিংয়ের কাজের প্রস্তাব দিয়ে ১৯ বছর বয়সী মারিয়াহ রিফকে ডেকে নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি হোটেলে। সেখানে গিয়ে বুঝতে পারেন, ফটোশুটের আড়ালে তাঁকে ফাঁদে ফেলা হয়েছে। এরপর প্রায় আট ঘণ্টা ধরে জোর করে পর্নোগ্রাফির ভিডিও ধারণ করা হয় তাঁর। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি নিজের জীবনের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ। ঘটনার মানসিক ক্ষত বোঝাতে তিনি বলেন, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’

- Advertisement -

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠা মারিয়াহর জীবনে শুরু থেকেই নানা প্রতিকূলতা ছিল। ১৮ বছর বয়সে বিয়ে করলেও সেই সম্পর্ক টেকেনি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি শরীরচর্চাকেন্দ্রে কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকট কাটাতে নতুন কাজ খুঁজতে গিয়ে অনলাইনে মডেলিংয়ের একটি বিজ্ঞাপন চোখে পড়ে তাঁর।

ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন দেখতেন মারিয়াহ। তাই বিজ্ঞাপন দেখে আবেদন করেন। পরে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি বৈধ ও নিরাপদ—এমন বিশ্বাসযোগ্যতা তৈরি করতে এক নারীর সঙ্গেও কথা বলিয়ে দেওয়া হয় তাঁকে। ওই নারীও কাজটি বৈধ বলে আশ্বস্ত করেন।

কিন্তু হোটেলে পৌঁছানোর পর পরিস্থিতি পাল্টে যায়। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও একটি কক্ষে নেওয়ার পর বের হওয়ার পথ আটকে দেওয়া হয়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। তাঁকে নির্দেশনা মেনে চলতে বলা হয়।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে মারিয়াহ সেখান থেকে বের হতে পারবেন কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। নিজের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অংশ নিতে হবে। সেটি শুধু অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে এবং তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

কিন্তু সেই আশ্বাস রাখা হয়নি। প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জোর করে পর্নোগ্রাফির ভিডিও ধারণে অংশ নিতে বাধ্য করা হয়। মারিয়াহর ভাষ্য, ওই সময় নিজের শরীর ও পরিস্থিতির ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তাঁর। একের পর এক নির্দেশ পালন করতে বাধ্য হন। কাজ শেষে তাঁকে দেওয়া হয় ৪ হাজার ৫০০ ডলার।

ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে পাঠানো হয় ভিডিওর সংযোগ ও স্থিরচিত্র। এতে সামাজিক অপমানের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণার মুখে পড়েন মারিয়াহ। অনেকেই উল্টো তাঁকেই ঘটনার জন্য দায়ী করতে থাকেন।

মারিয়াহ জানান, সহানুভূতির বদলে আশপাশের মানুষের কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। তাঁর জানা মতে, একই চক্রের শিকার অন্তত ১৫ জন নারী পরবর্তী সময়ে আত্মহত্যা করেছেন অথবা অতিরিক্ত মাদক গ্রহণের কারণে মারা গেছেন।

তদন্তে বেরিয়ে আসে চক্রের ভয়াবহতা

একসময় সেই দুঃসহ অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁর সঙ্গে যোগাযোগ করে। তখন জানতে পারেন, পর্নোগ্রাফি নির্মাণকারী ওই চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়াকে ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাটকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে অন্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর নিজের অভিজ্ঞতা সম্পর্কে মারিয়াহর উপলব্ধি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই ঘটনার জন্য দায়ী মনে করতেন। পরে বুঝতে পারেন, তিনি আসলে প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।

বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্য কাজ করছেন।

নিজের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতা অন্য নারীদের জন্য সতর্কবার্তা হয়ে থাকুক—এটাই চান মারিয়াহ। তাঁর লক্ষ্য, আর কোনো নারী যেন মডেলিং বা ফটোশুটের প্রলোভনে এমন প্রতারণা ও নির্যাতনের শিকার না হন।

- Advertisement -

Related Articles

Latest Articles