
পুলিশ সুপার এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী মাসুমা আক্তার
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে নির্দোষ দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল। এ ঘটনায় প্রকৃত সত্য তদন্তে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন মাসুমা আক্তার।
তিনি বলেন, ‘আমি জানি, আমার স্বামী নির্দোষ। তাঁর মোবাইল হ্যাক হয়েছিল। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।’
জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে তাঁর স্ত্রী বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ছাত্রলীগের সঙ্গেও তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। কোনো ধরনের তদবির বা লবিং করে তিনি চাকরি পাননি।
মাসুমা আক্তারের ভাষ্য, তাঁর স্বামী মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। তিনি কখনো রাজনীতি করেননি, বরং একটি ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন বলে তাঁদের ধারণা।
তিনি আরও বলেন, ‘আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ছিলেন একজন কৃষক। কৃষকের সন্তান হিসেবে নিজে লেখাপড়া করে চাকরিতে যোগ দিয়েছেন তিনি।’
স্বামীর বিরুদ্ধে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাসুমা। এ সময় তাঁর স্বামী ও পরিবারের রাজনৈতিক পরিচয় এবং অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

