
বিদেশে চাকরিতে যাওয়ার কথা ছিল। বিমানে উঠেও বসেছিলেন। কিন্তু অসুস্থ স্ত্রীকে বাড়িতে একা রেখে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্তে শেষ মুহূর্তে মন সায় দিল না। তাই ফ্লাইট বাতিল করে বাড়ি ফেরার জন্য অভিনব এক প্রতারণার আশ্রয় নিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। উড়োজাহাজের শৌচাগারে রেখে এলেন বিমান ছিনতাইয়ের হুমকিসংবলিত চিরকুট। তাঁর এই কাণ্ডে প্রায় সাড়ে সাত ঘণ্টা আটকে থাকল কলকাতা থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট।
ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ঘটনায় পার্থ প্রতিম নন্দী নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৭৭২ ফ্লাইটটির। উড়োজাহাজটিতে ১০৫ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিরকুট খুঁজে পান কর্মীরা। সেখানে লেখা ছিল, ‘বিমানটি ছিনতাই করা হবে।’
বিষয়টি জানার পরপরই পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষকে অবহিত করেন। জারি করা হয় ছিনতাই সতর্কতা। নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটিকে নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়। পরে যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিমানটি ঘিরে ফেলেন। সব যাত্রীকে নামিয়ে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।
দীর্ঘ তদন্ত ও নিরাপত্তা তল্লাশি শেষে বিকেল ৫টা ৩৮ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। এতে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় সাত ঘণ্টা দেরি হয়।
বিমানবন্দর পরিচালক বিক্রম সিং জানান, ঘটনার তদন্তে যাত্রীদের হাতের লেখা ও অন্যান্য আলামত পরীক্ষা করে পার্থ প্রতিম নন্দীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তাঁর কাছ থেকে চিরকুট লেখার কাজে ব্যবহৃত কার্ডের মতো আরও কয়েকটি সাদা কার্ড উদ্ধার করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় চিরকুটের হাতের লেখা তাঁর বলে নিশ্চিত হওয়া যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে পার্থ জানান, কলকাতার সোদপুরের বাসিন্দা তিনি। পেশাগত কারণে মুম্বাই হয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিমানে ওঠার পর অসুস্থ স্ত্রীর কথা মনে পড়তেই মানসিকভাবে ভেঙে পড়েন। বিদেশে যাওয়ার পরিবর্তে স্ত্রীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশকে তিনি বলেন, বিদেশে চাকরিতে যোগ দেওয়ার চেয়ে অসুস্থ স্ত্রীর পাশে থাকাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হলে বাড়ি ফিরে যেতে পারবেন—এমন চিন্তা থেকেই ছিনতাইয়ের ভুয়া হুমকি লিখে শৌচাগারে রেখে আসেন।
তবে স্ত্রীর পাশে ফেরার এই চেষ্টা শেষ পর্যন্ত তাঁকে পৌঁছে দিয়েছে পুলিশের হেফাজতে। বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

