
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মমতাজ আক্তার বেবি বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করে আসছিলেন মমতাজ আক্তার বেবি।
এ ছাড়া বাগমারা উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বেবি। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

