বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান - the Bengali Times
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘দ্য মুসলিম ৫০০’ তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় বাংলাদেশের আরও দুই বিশিষ্ট ব্যক্তিত্বের নাম রয়েছে। তাঁদের একজন মানবাধিকারকর্মী, গবেষক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন।

- Advertisement -

তালিকার তথ্যমতে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। পরে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, নারীর অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য তালিকায় জায়গা পেয়েছেন ড. হামিদা হোসেন। এসব ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নিয়মিত এই প্রকাশনায় স্থান পেয়ে আসছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রতিবছর এই তালিকা তৈরি করা হয়।

তালিকার শীর্ষ ৫০ ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ ব্যক্তিত্বের অংশ হিসেবে স্থান পেয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles