নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ আমির হামজার

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অডিও ফাঁসের ঘটনায় ক্ষোভ আমির হামজার - the Bengali Times
সংসদ সদস্য আমির হামজা

ছয় বছর আগের ঘটনা ও অন্যের কথোপকথনের অডিও নিজের নামে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। সম্প্রতি ফাঁস হওয়া অডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, ২০১২ সাল থেকে কোরআনের মাহফিলে বক্তব্য দিলেও ২০২৬ সালে সংসদীয় মনোনয়ন পাওয়ার পরই কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে?

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

প্রায় এক ঘণ্টার বক্তব্যে আমির হামজা কোরআনের মাহফিলে বাধাদানকারীদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কোরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বাধাদানকারীদের উদ্দেশে আক্রমণাত্মক ও বিতর্কিত ভাষা ব্যবহার করেন।

নিজের সাম্প্রতিক অডিও ফাঁসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছয় বছর আগের কোনো সভাপতিকে জুতা মারার ঘটনা কিংবা অন্য কারও কথোপকথনের অডিও তাঁর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এসব ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে রাস্তায় পুরুষদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করে তিনি আপত্তিকর মন্তব্য করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান, মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। একই দিন মাহফিলস্থলে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি, সংসদ সদস্য আবু তালিবসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। তবে সেই সমঝোতার পরও শুক্রবারের মাহফিলে আমির হামজার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles