
দশকের পর দশক ধরে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে কানাডা। ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখেও সেই অবস্থান থেকে সরে না আসতে অটোয়ার প্রতি আহ্বান জানিয়েছে হাভানা। কিউবার আশঙ্কা, নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলোকে বাণিজ্য ও আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
কানাডায় নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত রড্রিগো মালমিয়েরকা ডিয়াজ জানান, অতীতের মতো এবারও কানাডা কিউবার পাশে থাকবে বলে তারা আশাবাদী। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সেটি আরও কঠোর করার পদক্ষেপ কার্যত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগামী সপ্তাহে জাতিসংঘে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। প্রস্তাবে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ অবসানের আহ্বান জানানো হয়েছে। ১৯৯২ সাল থেকে প্রতিবছরই জাতিসংঘে এ ধরনের প্রস্তাব উত্থাপন করে আসছে হাভানা। কানাডা অতীতের একাধিক ভোটে প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছে।
এবারের পরিস্থিতি কিউবার জন্য বিশেষভাবে উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির জ্বালানি সরবরাহের ওপর চাপ বাড়িয়েছে। জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে কিউবায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন। হাভানার অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির কমিউনিস্ট সরকারকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে।
তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয় কিউবা। রাষ্ট্রদূত মালমিয়েরকা বলেন, দেশের জনগণ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। কারণ, কিউবার কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবচেয়ে মূল্যবান সম্পদ। তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের কোনো পরিকল্পনা তাদের নেই।
একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহও প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ লক্ষ্যে আলোচনায় বসতে কিউবা প্রস্তুত। রাষ্ট্রদূতের অভিযোগ, যেসব দেশ কিউবাকে সহায়তা করছে, তাদের ওপরও চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এসব দেশকে সতর্ক করা হচ্ছে, জাতিসংঘে অবরোধ প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিলে তারা মার্কিন বাণিজ্য ও অনুদান কর্মসূচি থেকে বাদ পড়তে পারে। মালমিয়েরকা বলেন, কানাডার অর্থনীতিও ট্রাম্প প্রশাসনের চাপের বাইরে নয়। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বাস্তবতা অটোয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও কিউবার বিরুদ্ধে ওয়াশিংটনের পদক্ষেপের কারণে এবারের পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

