কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—মেসিকে নিয়ে পরীমণি

কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—মেসিকে নিয়ে পরীমণি - the Bengali Times
মেসি ও পরীমণি ছবি সংগৃহীত

লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ—ভক্তদের কাছে এর চেয়ে আবেগের মুহূর্ত আর কী-ইবা হতে পারে! প্রিয় তারকার বিদায়ের রাতে আবেগ সামলাতে পারেননি চিত্রনায়িকা পরীমণিও। মেসিকে ঘিরে বছরের পর বছর জমে থাকা অসংখ্য স্মৃতি মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

আর্জেন্টিনার ভক্ত হিসেবে মেসির খেলা দেখার সময় তার উত্তেজনা ও আবেগের কথা আগেও জানিয়েছেন পরীমণি। তবে মেসির বিদায়ী ম্যাচের আগে দেওয়া তার কথায় এবার ছিল অন্যরকম শূন্যতা ও ভালোবাসা।

- Advertisement -

পরীমণি লেখেন, “আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়। আজ একটা যুগের শেষ অধ্যায়।” তার কাছে মেসির পরনে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যেন শুধু একটি পোশাক নয়, বরং স্বপ্ন, গর্ব আর ভালোবাসার প্রতীক।

মেসিকে ঘিরে নিজের স্মৃতির কথা বলতে গিয়ে পরীমণি লেখেন, “কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।”

বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপের স্মৃতি তার হৃদয়ে আলাদা জায়গা করে আছে। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখার আনন্দ কোনোদিন ভুলতে পারবেন না বলেও জানান তিনি।

পরীমণির ভাষায়, সেদিনের মতো আজও জয়-পরাজয় বড় বিষয় নয়। বরং শেষবারের মতো নীল-সাদা জার্সিতে প্রিয় ফুটবলারকে মনভরে দেখাটাই ছিল তার সবচেয়ে বড় চাওয়া।

মেসির বিদায়কে বিদায় হিসেবে মানতে নারাজ পরীমণি। ভালোবাসায় ভরা কণ্ঠে তিনি বলেন, “বিদায় নয়, লিও…। তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে।”

তার মতে, আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে; কিন্তু ১০ নম্বর জার্সির সঙ্গে মেসির যে গল্প, সেটি কখনো শেষ হবে না।

সবশেষে প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়ে পরীমণি লেখেন, “ভালোবাসা প্রিয় লিও মেসি।”

- Advertisement -

Related Articles

Latest Articles