
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, কুষ্টিয়ায় আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। তাঁর দাবি, লালন শাহের মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীনসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
নাহিদ বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা ‘উন্মাদ’ হতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি।
হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় রাত ৮টার দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। এরপর অভিযোগ দিতে কুমারখালী থানার উদ্দেশে রওনা হন নাসীরুদ্দীন।

