
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘুরতে নিয়ে যাওয়ার পর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করে পরে সেটি ওই তরুণীর মোবাইলে পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরে। এ ঘটনায় আশিক (২২), শাকিল ইসলাম বাঁধন (২০) ও কাজল (২২) নামে তিন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে মোবাইল ফোনে আশিকের সঙ্গে ২৩ বছর বয়সী ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে আশিক তাকে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে নিয়ে যান। পরে অটোরিকশায় করে লালপুর ডিগ্রি কলেজ মাঠ এলাকার একটি ফাঁকা বাড়িতে নেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে আশিক ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন। এ সময় তাদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরদিন রোববার দুপুরে ওই ভিডিও তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। ভিডিও প্রকাশ না করার বিনিময়ে ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলে তিনি বিষয়টি এক প্রতিবেশীকে জানান। পরে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী তরুণী ও তার এক স্বজন নিরাপদে রয়েছেন। তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

