
ভক্তদের ভালোবাসায় জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে বাড়ির বাইরে এসেছিলেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচিতারাম। একের পর এক ভক্তের সঙ্গে সেলফি তুলছিলেন হাসিমুখে। কিন্তু হঠাৎ এক ভক্তের অপ্রত্যাশিত আচরণে মুহূর্তেই বদলে যায় পরিবেশ। সেলফি তোলার পর ওই ব্যক্তি অভিনেত্রীর গাল টেনে ধরলে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যান তিনি।
ভক্তদের কাছে ‘ডিম্পল কুইন’ নামে পরিচিত রচিতারাম শনিবার (৩ অক্টোবর) জন্মদিন উদযাপন করেন। পরে বেঙ্গালুরুর বাসভবনের বাইরে অপেক্ষায় থাকা ভক্তদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রচিতার সঙ্গে একের পর এক ভক্ত ছবি তুলছেন। এ সময় এক পুরুষ ভক্তও অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। ছবি তোলার পর চলে যাওয়ার মুহূর্তে হঠাৎ রচিতার গাল টেনে ধরেন তিনি।
অপ্রত্যাশিত এই ঘটনায় কয়েক মুহূর্তের জন্য বিস্মিত হয়ে যান অভিনেত্রী। তবে দ্রুত নিজেকে সামলে নেন। মুখে হাসি রেখেই পরবর্তী ভক্তদের সঙ্গে কথা বলতে থাকেন এবং ছবি তোলেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই রচিতার শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার প্রশংসা করেছেন। একই সঙ্গে তারকাদের সঙ্গে ছবি তোলার সময় ভক্তদের ব্যক্তিগত সীমারেখা মেনে চলার আহ্বান জানিয়েছেন অনেকে।
একজন মন্তব্য করেন, রচিতার সঙ্গে যা ঘটেছে, তা হয়রানির পর্যায়ে পড়ে। আরেকজন লেখেন, হাসিমুখে থাকলেও এমন ঘটনায় একজন মানুষ ভেতরে ভেতরে মানসিকভাবে আঘাত পেতে পারেন। অপরিচিত কাউকে অনুমতি ছাড়া স্পর্শ করা কোনোভাবেই ঠিক নয়।
আরেকজনের ভাষ্য, পুরুষ কিংবা নারী—কারও ব্যক্তিগত পরিসরে অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত নয়। তারকা হলেও তারা সবার মতোই ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার অধিকারী।
তবে অনেকেই রচিতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। তাদের মতে, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও তিনি বিষয়টি বড় না করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামলে নিয়েছেন।
এদিকে সম্প্রতি তামিল সিনেমা ‘কুলি’-তে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে রচিতারামের। লোকেশ কানাগরাজ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। সিনেমাটিতে কল্যাণী চরিত্রে দেখা গেছে রচিতারামকে।

