
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে শিক্ষক মো. এহসানুল হককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ২০ আগস্টের একটি সিসিটিভি ফুটেজে ওই শিক্ষককে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। শিক্ষকদের সভা চলাকালে বিষয়টি সহকর্মীদের নজরে আসে। পরে ফুটেজ দেখে এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।
এহসানুল হক মাদ্রাসার অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক এবং দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, ২৬ আগস্ট এহসানুল হকের কক্ষের তালা পরিবর্তন করে ক্যাম্পাসে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র দিলে জরুরি সভায় তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডিকেও লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে এহসানুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা বলেন, ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ আইনানুগ ব্যবস্থা নিয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

