
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার চলে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শেখ রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক।
পরিবারের অভিযোগ, শনিবার রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রহমত উল্লাহ চলে যান। এরপর তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রোববার সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ।
অভিযোগকারীর পরিবারের দাবি, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান। মরিয়ম বাড়ি থেকে যাওয়ার সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে মরিয়মের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে পরিবারের সঙ্গে থানায় যায়।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, তাও নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

