
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ব্যক্তিগত জীবন, ভালো লাগা কিংবা অনুভূতির নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে। ফলে তার জীবনের প্রেম ও পছন্দের মানুষদের নিয়েও অনুরাগীদের আগ্রহের কমতি নেই।
পরীমনির প্রথম প্রেম বা প্রথম পছন্দের মানুষ কে—এ প্রশ্নও বহুদিন ধরে আলোচনায়। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনের ‘প্রথম’ নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার প্রথম ক্রাশ কে।
জবাবে পরীমনি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ ভারতের জনপ্রিয় অভিনেতা রনিত রায়ের নামই প্রথম ক্রাশ হিসেবে জানিয়েছিলেন তিনি। রনিত রায় ভারতীয় সিরিজ ‘আদালত’-এ কেডি পাঠক চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
সম্প্রতি সেই পছন্দের অভিনেতাকেই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আনলেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেন তিনি।
ভিডিওটিতে রনিত রায়কে গভীর মনোযোগে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে তিনি এমন একটি আবেগঘন বার্তাও দিয়েছেন, যেখানে প্রিয় মানুষদের নিজের ওপর নির্ভরশীল না থেকে নিজের অনুপস্থিতিতেও বাঁচতে শেখানোর কথা বলা হয়েছে।
রনিত রায়ের বাঁশির সুরের পাশাপাশি ভিডিওটির আবেগঘন বক্তব্যও পরীমনিকে আকৃষ্ট করেছে বলেই মনে করছেন তার অনুরাগীরা। ভিডিওটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করে অভিনেত্রীর ক্যাপশনে ছিল শুধু রনিত রায়ের নামের সঙ্গে একটি লাল ভালোবাসার চিহ্ন।
এরপর থেকেই পরীমনির সেই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রথম ক্রাশ হিসেবে যাকে একসময় প্রকাশ্যে স্বীকার করেছিলেন, তারই একটি ভিডিও আবার নিজের পাতায় ভাগ করে নেওয়ায় বিষয়টি নতুন করে নজর কেড়েছে।

