
উত্তরপ্রদেশের লখনউয়ের ব্যস্ত সড়কে সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক নারী তার প্রেমিকের প্রতারণার হাতেনাতে প্রমাণ পেয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রতিবাদ জানান। প্রকাশ্য রাস্তায় প্রেমিকের গাড়ির বনেটের ওপর উঠে গাড়ি থামানোর চেষ্টা করেন তিনি।
সূত্রের খবর, লখনউয়ের গোমতী নগর এলাকার জনপ্রিয় স্থানেশ্বর মিশ্র পার্কের কাছে এই ঘটনার সূত্রপাত। অভিযুক্ত যুবক অন্য এক নারী বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে এসেছিলেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে প্রেমিকা সরাসরি ঘটনাস্থলে গিয়ে হাজির হন। সেখানে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হলে বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতির অবনতি দেখে ওই যুবক তড়িঘড়ি তার গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করেন।
যুবক গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই ওই নারী ক্ষোভে ফেটে পড়েন এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে সোজা চলমান গাড়ির বনেটের ওপর উঠে পড়েন। প্রকাশ্য রাস্তায় গাড়িটি চলতে থাকলেও ওই নারী বনেটের ওপর থেকে চিৎকার করে প্রেমিকের নাম ধরে গালিগালাজ করতে থাকেন এবং বারবার গাড়ি থামানোর জন্য চাপ দিতে থাকেন। গাড়ির ভেতরে থাকা যুবক প্রথমে ধীরগতিতে গাড়ি চালিয়ে তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলেও নারী ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি গাড়ির উইন্ডস্ক্রিনে থাপ্পড় মেরে চেঁচাতে থাকেন এবং বলতে থাকেন, আমি মরব না, তুমি যাই করো, আগে গাড়ি থামাও।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ পথচারীরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

