
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। ১৪ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করেছেন জেমিমা। প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর গত মে মাসে তাদের বাগদান হয় বলে জানা যায়।
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ছবি প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
ক্যামেরন ও’রাইলি প্রয়াত মিডিয়া ব্যবসায়ী ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বাবার মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান এবং পরে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রায় এক দশক কাজ করেন।
২০০৩ সালে ক্যামেরন ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগ তহবিল গঠন করেন। এর মাধ্যমে তিনি সুইস মিটারিং প্রতিষ্ঠান ল্যান্ডিস+গাইর অধিগ্রহণ করেন। পরে ২০১১ সালে প্রতিষ্ঠানটি তোশিবার কাছে ২৩০ কোটি মার্কিন ডলারে বিক্রি করা হয়।
বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় জেমিমার সঙ্গে ক্যামেরনের পরিচয় হয় বলে জানা গেছে।
জেমিমা ও ইমরান খানের বিয়ে হয়েছিল ১৯৯৫ সালে। দীর্ঘ নয় বছরের দাম্পত্যের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে—কাসিম ও সুলাইমান।
জেমিমা পরে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত হন। তার প্রযোজিত আলোচিত চলচ্চিত্রগুলোর একটি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। পাকিস্তানের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি চলচ্চিত্রটিকে ‘লাভ লেটার’ হিসেবে বর্ণনা করেছিলেন।
অন্যদিকে ক্যামেরন ও’রাইলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে। জেমিমার সঙ্গে বিয়ের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখলেন এই অর্থলগ্নিকারী।

