
ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও নিজের পাতায় শেয়ার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করে পরীমণি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
পরীমণির এই মন্তব্য প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁর ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের অনেকেই বাঁধনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নারী শিল্পীর ওপর এমন আচরণের নিন্দা জানান।
জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সেখানে একটি পার্কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে একদল ব্যক্তি তাঁর সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় তাঁকে লক্ষ্য করে ঠান্ডা পানীয় ও ডিম ছোড়ার পাশাপাশি শারীরিকভাবেও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিনোদন অঙ্গনের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে।
নারী শিল্পীদের নিরাপত্তা, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পীদের প্রতি সম্মান এবং প্রকাশ্যে এ ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি উঠেছে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরীমণির বক্তব্যও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে। তাঁর কড়া ভাষার এই প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

