বাঁধনের ওপর হামলায় ক্ষুব্ধ দীপ্তি, জানালেন চার কারণ

বাঁধনের ওপর হামলায় ক্ষুব্ধ দীপ্তি, জানালেন চার কারণ - the Bengali Times
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণ তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার গভীর রাতে নিজের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে দীপ্তি চৌধুরী বলেন, রাজনৈতিক ছত্রছায়া না থাকা এবং নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ লক্ষ্যবস্তু করা হয়েছে।

- Advertisement -

দীপ্তির ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় বাঁধনের অবস্থান অনেকের রাজনৈতিক আদর্শের সঙ্গে মেলেনি। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে শিশু হত্যার প্রতিবাদে তিনি রাজপথে অবস্থান নিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। বাঁধন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থাকায় এবং একজন নারী হওয়ায় তাকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন দীপ্তি।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে প্রশংসা করা হলেও পরবর্তী সময়ে তাদের সহযোদ্ধা হিসেবে আগলে রাখা হয় না। এ অবস্থায় জুলাই অভ্যুত্থানের অংশীদারিত্ব নিয়ে দাবি করা রাজনৈতিক দলগুলো বাঁধনের ওপর হামলার ঘটনায় কী পদক্ষেপ নেয়, সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সোমবার রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন এই অভিনেত্রী।

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে স্থান পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

- Advertisement -

Related Articles

Latest Articles