কাউন্সিলর পদে ফিরতে চান মাইক লেটন

কাউন্সিলর পদে ফিরতে চান মাইক লেটন - the Bengali Times
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেটন বলেন টরন্টো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে

টরন্টোর মিউনিসিপাল রাজনীতিতে ফেরার পথে সাবেক কাউন্সিলর মাইক লেটন। আগামী শরতে অনুষ্ঠিতব্য মিউনিসিপাল নির্বাচনে আবারও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সোমবার টরন্টো সিটি হলে মনোনয়নপত্র জমা দিয়েছেন লেটন।

তিন মেয়াদে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত টরন্টো সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লেটন। ২০১০ সালে ওয়ার্ড ১৯ ট্রিনিটি-স্পাদিনা থেকে প্রথমবার নির্বাচিত হন তিনি। পরে ওয়ার্ড পুনর্বিন্যাসের পর ২০১৮ সালের নির্বাচনে ওয়ার্ড ১১ ইউনিভার্সিটি-রোজডেল থেকে জয়ী হন।

- Advertisement -

তবে ২০২২ সালে কাউন্সিলের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন লেটন। সে সময় তিনি জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পাশাপাশি পরিবেশ সংক্রান্ত কাজেও মনোযোগ দিতে চান। চার বছর পর সেই সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই বলেই জানিয়েছেন তিনি।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেটন বলেন, টরন্টো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মতে, আগামী কাউন্সিলের মেয়াদে শহরের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করার সুযোগ রয়েছে। সেই কাজে নিজের অভিজ্ঞতা, শক্তি ও আগ্রহকে কাজে লাগাতে চান তিনি।

এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টেও নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের কারণ ব্যাখ্যা করেন লেটন। তিনি জানান, চার বছর আগে পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য কাউন্সিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনি এক মুহূর্তের জন্যও অনুতপ্ত নন। তবে বর্তমানে শহরের বেশ কিছু সমস্যা তাঁকে নতুন করে রাজনীতিতে ফেরার কথা ভাবতে বাধ্য করেছে।

বিশেষ করে সাশ্রয়ী আবাসন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন লেটন। তাঁর বক্তব্য, সন্তানরা এখন বড় হয়েছে এবং শহর নিয়ে আরও গভীর ও কঠিন প্রশ্ন করতে শুরু করেছে। লেটনের কথায়, তাঁর সন্তানরা জানতে চায় কেন তাদের বন্ধুরা নিজেদের এলাকার মধ্যে সাশ্রয়ী আবাসন পাচ্ছে না এবং সেই কারণে স্কুলও বদলাতে হচ্ছে? কেন শহরের কিছু রাস্তায় নিরাপদে সাইকেল চালানো সম্ভব হলেও অন্য রাস্তায় সেই সুযোগ নেই? এমনকি আকাশ কেন কমলা হয়ে যাচ্ছে, সেই প্রশ্নও তারা করছে।

এই প্রশ্নগুলোর উত্তর তাঁর জানা আছে বলে দাবি করেছেন লেটন। তবে শুধু সমস্যার কারণ ব্যাখ্যা করাই যথেষ্ট নয় সমাধানের জন্য কাজ করতে চান বলেই ফের কাউন্সিলের নির্বাচনে নামছেন তিনি।

লেটনের প্রত্যাবর্তনের ফলে আসন্ন নির্বাচনে পুরসভা রাজনীতিতে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আবাসন, সাইকেল-সহায়ক পরিবহণ ব্যবস্থা এবং পরিবেশের মতো বিষয় তাঁর প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

আগামী ২৬ অক্টোবর অন্টারিওর ৪৪৪টি মিউনিসিপালিটিতেই মেয়র, কাউন্সিলর এবং স্কুল বোর্ড ট্রাস্টি পদে নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করার শেষ সময় শুক্রবার।

- Advertisement -

Related Articles

Latest Articles