
মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে তাকে দেখে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
নিজের ভ্রমণভিত্তিক ভিডিও সিরিজের নতুন একটি পর্বে খালেদা জিয়ার চরিত্রে সাজেন চমক। হালকা রঙের ছাপা শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে খালেদা জিয়ার পরিচিত অবয়ব।
ভিডিওটি ধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ও স্টুডিওতে। প্রকাশের পর চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করছেন দর্শকরা। অনেকের মন্তব্য, মুহূর্তের জন্য তাকে দেখে মনে হয়েছে যেন পর্দায় ফিরে এসেছেন খালেদা জিয়া।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি নিয়মিত ভিডিও নির্মাণ ও উপস্থাপনাও করছেন।
এর আগে চলতি বছর বিএনপির হয়ে রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

