
বার্লিনের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জীবন বাঁচাতে ১১ তলার জানালা দিয়ে লাফ দিয়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক নারী। আগুনের তীব্র শিখা ও ধোঁয়া থেকে আত্মরক্ষায় তিনি উঁচুতলার জানালার কার্নিশে আশ্রয় নিয়েছিলেন। নিচে ৯ তলা পর্যন্ত উদ্ধারকারী দলের একটি ক্রেন পৌঁছাতে পারলেও ওই নারী ছিলেন আরও দুই তলা ওপরে। সেখান থেকেই সাহস সঞ্চয় করে নিচে থাকা ফায়ার ফাইটারের উদ্ধারকারী বাস্কেটে তিনি লাফ দেন এবং ফায়ার সার্ভিস কর্মীর হাতে অলৌকিকভাবে রক্ষা পান। রোমহর্ষক এই উদ্ধার অভিযানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।
জার্মানির ফ্রেডরিশসহাইন এলাকার রেলস্টেশনের কাছে অবস্থিত একটি বহুতল ভবনে সকাল সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বিশেষ দল।
প্রায় ১১৬ জন জরুরি সেবা কর্মী টানা লড়াই চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ভবনটি থেকে অন্তত ১১৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং ডজনখানেক মানুষকে মই ব্যবহার করে উদ্ধার করা হয়। এই ঘটনায় উদ্ধার হওয়া নারীসহ মোট ১৩ জন সামান্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির জানালা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছিল। নারীটি প্রথমে জানালার বাইরের অংশে নেমে নিচে নামার একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্রয় না পাওয়ায় এবং আগুনের উত্তাপ বাড়তে থাকায় তিনি ৯ তলার ওপর অবস্থানরত ফায়ার সার্ভিসের বাস্কেটকে লক্ষ্য করে নিচে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন।
কয়েক মুহূর্ত ইতস্তত করার পর তিনি হাত ছেড়ে দেন এবং প্রায় দুই তলা সমপরিমাণ উচ্চতা থেকে সোজাসুজি বাস্কেটে থাকা ফায়ার ফাইটারের কোলে গিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে তাকে ধরে ফেলেন, যার ফলে এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি।

