
প্রেম করে বিয়ে নাকি পরিবারের পছন্দে—কোনটিতে দাম্পত্যে ভালোবাসা বেশি, তা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। প্রচলিত ধারণা, প্রেমের বিয়েতে আবেগ বেশি থাকে। তবে নতুন এক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।
‘আর্কাইভস অব সেক্সুয়াল বিহেভিয়ার’-এ প্রকাশিত গবেষণায় আফ্রিকা, আমাজনিয়া ও হিমালয় অঞ্চলের পাঁচটি সমাজের ৫৯৮ জন বিবাহিত মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় ভালোবাসার ক্ষেত্রে ঘনিষ্ঠতা, আবেগ ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণায় ৪২টি বিষয় বিশ্লেষণ করে দেখা যায়, ২৩টি ক্ষেত্রে প্রেমের বিয়েতে কিছুটা বেশি ঝোঁক থাকলেও ১৯টি ক্ষেত্রে পরিবারের পছন্দে হওয়া বিয়ে এগিয়ে ছিল। অর্থাৎ ব্যবধান খুব বেশি নয়।
পাঁচটি সমাজের ফলও একরকম ছিল না। কোথাও প্রেমের বিয়েতে ঘনিষ্ঠতা বেশি দেখা গেছে, আবার কোথাও পরিবারের পছন্দে হওয়া বিয়েতে আবেগ ও ঘনিষ্ঠতা বেশি ছিল। কয়েকটি সমাজে বিয়ের ধরন অনুযায়ী ভালোবাসায় উল্লেখযোগ্য পার্থক্যই পাওয়া যায়নি।
গবেষণায় আরও দেখা গেছে, অধিকাংশ সমাজে বিয়ের বয়সের সঙ্গে ভালোবাসার মাত্রার উল্লেখযোগ্য সম্পর্ক নেই।
গবেষকদের মতে, দাম্পত্যে ভালোবাসা কতটা থাকবে, তা শুধু বিয়ের ধরন দিয়ে নির্ধারিত হয় না। বিশ্বাস, বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া, আকর্ষণ ও সম্পর্ক টিকিয়ে রাখার অঙ্গীকারই ভালোবাসার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ প্রেমের বিয়ে মানেই বেশি ভালোবাসা, আর পরিবারের পছন্দে বিয়ে মানেই কম ভালোবাসা—এমন সরল সূত্র নেই।

