
ফ্লাইট নম্বরের ভুলে যুক্তরাষ্ট্রের আকাশে প্রায় মুখোমুখি চলে এসেছিল একই এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ। তবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীর দ্রুত সিদ্ধান্তে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উড়োজাহাজ দুটি।
ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের পর অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ ভুল করে একই কল সাইন বা ফ্লাইট নম্বর ‘২৪৮২’ নিয়ে আকাশে ছিল। একটি শিকাগো থেকে ফিনিক্সে আসছিল, অন্যটি ফিনিক্স থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।
দুটি উড়োজাহাজ কাছাকাছি চলে এলে পাইলটরা রেডিওতে একই ফ্লাইট নম্বর শুনে বিভ্রান্ত হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকর্মী দ্রুত একটি উড়োজাহাজকে ‘আগমনকারী’ এবং অন্যটিকে ‘বিদায়ী’ হিসেবে আলাদা করে নির্দেশনা দেন।
তিনি আগমনকারী উড়োজাহাজটিকে নির্দিষ্ট উচ্চতায় রাখেন এবং বিদায়ী উড়োজাহাজটিকে আরও ওপরে উঠতে নিষেধ করেন। এতে উড়োজাহাজ দুটির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় থাকে।
বিপদ কেটে যাওয়ার পর আগমনকারী উড়োজাহাজের পাইলট নিয়ন্ত্রণকর্মীর প্রশংসা করে বলেন, তিনি চমৎকারভাবে পরিস্থিতি সামলেছেন। ওই নিয়ন্ত্রণকর্মী জানান, ২৫ বছরের কর্মজীবনে একই কল সাইনের দুটি উড়োজাহাজকে এভাবে কাছাকাছি আসতে তিনি আগে দেখেননি।
এভিয়েশন বিশেষজ্ঞদের ধারণা, এয়ারলাইন্সের উড়োজাহাজ পরিচালনা বিভাগের ভুলের কারণে একই ফ্লাইট নম্বর ব্যবহৃত হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে আমেরিকান এয়ারলাইন্স ও মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন তদন্ত করবে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দুটি উড়োজাহাজ নিরাপদ দূরত্ব বজায় রেখেই চলাচল করেছে।

