‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’: শেখ হাসিনা

‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’: শেখ হাসিনা - the Bengali Times
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী ও সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদেরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানির সময় ফোনালাপটি আদালতে দাখিল করা হয়।

প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারীদের দমন, বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের অবস্থান এবং অগ্নিসংযোগের পালটা ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনার কথা উঠে এসেছে।

- Advertisement -

ফোনালাপে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন শোনা যায়। একপর্যায়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিভিন্ন স্থানে জড়ো হওয়া এবং অগ্নিসংযোগের প্রসঙ্গ তোলেন। এরপর দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘বিভিন্ন এলাকায় লোক ঠিক করো, সব নেতাকর্মীদের এভাবে ব্যবস্থা করো। প্রত্যেক এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকায় যার যার প্রটেকশন দিতে হবে।’

হাছান মাহমুদ ওই নির্দেশনা ওবায়দুল কাদেরকে জানিয়ে দেওয়ার কথা বলেন। পরে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়েও আলোচনা হয়।

ফোনালাপে সেতু ভবনে অগ্নিসংযোগের প্রসঙ্গ উঠে আসে। এ সময় শেখ হাসিনা র‌্যাব মোতায়েনের কথা বলেন। যেসব এলাকায় জমায়েত রয়েছে, সেসব স্থানেও র‌্যাব পাঠানোর বিষয়ে নির্দেশনার কথা শোনা যায়।

আলোচনার একপর্যায়ে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করার প্রসঙ্গও আসে। শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘ওদের ব্যবসাপ্রতিষ্ঠান কী কী আছে, খুঁজে বের করো।’

ফোনালাপের শেষদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আজ তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে।’

প্রসিকিউশন এই ফোনালাপকে মামলায় তাদের বক্তব্যের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles