
‘বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার’ হিসেবে পরিচিত ক্রোয়েশিয়ার আনা মারিয়া মার্কোভিচের জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। ফুটবল ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে সাম্প্রতিক সময়ে দুটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই তারকা।
ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, চোট এবং ঘন ঘন ক্লাব পরিবর্তনের কারণে গত কয়েক বছর কঠিন সময় পার করেছেন মার্কোভিচ। সেই ধাক্কা সামলে এবার নিজের জীবন ও ক্যারিয়ার নতুনভাবে সাজাচ্ছেন তিনি।
সম্প্রতি ক্রোয়েশিয়ার শীর্ষ ক্লাব হাজদুক স্প্লিটে যোগ দিয়েছেন মার্কোভিচ। সুইজারল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই ফুটবলারের মায়ের পরিবারের শিকড় স্প্লিট শহরে। ফলে নিজ দেশের ক্লাবে যোগ দেওয়াকে নিজের শিকড়ে ফেরার পাশাপাশি ‘স্বপ্ন পূরণ’ হিসেবেও দেখছেন তিনি।
সুইজারল্যান্ডে পেশাদার ফুটবল শুরু করা মার্কোভিচ পরবর্তীতে পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের ক্লাবেও খেলেছেন। এবার হাজদুক স্প্লিটের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই তার লক্ষ্য।
২০২৩ সালে গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ পুনর্বাসন শেষে আবারও ফুটবলে ফিরেছেন এই ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।
শুধু ফুটবলেই নয়, বিনোদন জগতেও নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন মার্কোভিচ। সুইস খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ডেনারের একটি প্রকল্প ‘দ্য সকারিটোস’-এ প্রথমবারের মতো অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের পেছনের কিছু মুহূর্ত প্রকাশ করে এটিকে ‘অবিশ্বাস্য ও অবিস্মরণীয় অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন মার্কোভিচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় এই ফুটবলারের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২৭ লাখেরও বেশি। তবে অতীতে একাধিকবার নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন তিনি। তার মতে, শুধু বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, একজন ফুটবলার হিসেবে তার দক্ষতা ও পারফরম্যান্স দিয়েই তাকে মূল্যায়ন করা উচিত।
হাজদুক স্প্লিটে যোগ দেওয়ার পর এখন মাঠের পারফরম্যান্স দিয়েই আলোচনায় থাকতে চান মার্কোভিচ। নতুন ক্লাবে নিজের সামর্থ্য প্রমাণ করাই তার সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য।

