
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগের দাম নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত ওই কনসার্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। কেউ কেউ ব্যাগটির দাম ৫ লাখ, আবার কেউ ৬ লাখ টাকা বলে দাবি করেন।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাই অনুযায়ী, আলোচিত ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ৫ বা ৬ লাখ টাকার দাবিটি সঠিক নয়।
এ নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়ে রোববার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান আসিফ মাহমুদ।
তিনি লেখেন, “এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন, তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।”
এরপর ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, “এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০ শতাংশ ডিসকাউন্ট।”
ব্যাগের দাম নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে কেন্দ্র করেই মূলত তার এমন ব্যঙ্গাত্মক মন্তব্য বলে ধারণা করা হচ্ছে।

