
একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। কেন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং বর্তমানে কী করছেন—সাক্ষাৎকারে সে বিষয়ে কথা বলেছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, জীবনে পরিবর্তন আসার কারণেই তিনি অভিনয় থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন। বর্তমানে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করেন, অন্যথায় অভিনয় করেন না।
তিনি বলেন, “আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।”
বই পড়ার অভ্যাস নিয়েও নিজের পরিবর্তনের কথা জানান হাসান মাসুদ। তার ভাষ্য, একসময় অতিরিক্ত বই পড়ার কারণে তিনি অনেকটা অনুভূতিহীন হয়ে পড়েছিলেন। পরে নীলক্ষেতে প্রায় ১ হাজার ২০০ বই বিক্রি করে দেন।
তিনি বলেন, “আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।” এরপর আর বই পড়েন না বলেও জানান তিনি।
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ক্যাপ্টেন পদে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন। পরে ‘দ্য ডেইলি স্টার’-এ ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র ও অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের ‘আজকে না হয় ভালোবাসো’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশ করেন তার প্রথম গানের অ্যালবাম ‘হৃদয়ঘটিত’।

